রূপগঞ্জে অটোরিকশাচালককে হত্যা করে ছিনতাই, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজন মিয়া (২৬) নামে এক অটোরিকশাচালককে হত্যা করে তাঁর অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার তারাবো পৌরসভার রূপসী-বাগবাড়ি ব্রিজ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাজন মিয়া তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২২) এবং নোয়াখালী সদর থানার করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে জামাল মিয়া (২৪)।
পুলিশ জানায়, কয়েকজন যুবক যাত্রীবেশে রূপসী স্ট্যান্ড থেকে রাজনের অটোরিকশা ভাড়া নেয়। পরে অটোরিকশাটি রূপসী-বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে রাজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে তাঁর গলায় আঘাত করে তাঁকে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রাজনকে উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/ এনউব