রায়পুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রায়পুর পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
এ উপলক্ষে ‘ফ্যামিলি কার্ড হবে দেশের প্রত্যেক পরিবারের অধিকার’ শীর্ষক একটি অবহিতকরণ সভার আয়োজন করা হয়। রায়পুর পৌরসভার প্রশাসক আজিজুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।
বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম। সরকার এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। পর্যায়ক্রমে জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করা হবে। ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুল হক, পৌর বিএনপির নেতা শফিকুল আলম আলমাছসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় সংশ্লিষ্ট পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পৌরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
ভোরের আকাশ/রই