অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মাদরাসাছাত্রীর মৃত্যু

কক্সবাজারে স্বজনদের সঙ্গে বেড়াতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে কুমিল্লার দেবিদ্বারের ১৭ বছর বয়সী মাদরাসাছাত্রী সীমা আক্তারের। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে। তিনি স্থানীয় একটি মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজনদের বরাতে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) সকালে দেবিদ্বারের বড় আলমপুর থেকে ১৭ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে যায়। মঙ্গলবার সকালে তারা সবাই মিলে সুগন্ধা সৈকতে সময় কাটান। পরে সেখান থেকে ফেরার পথে সীমা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, অটোরিকশাটি সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ সীমার পরনের ওড়না পেছনের একটি চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীমার মৃত্যুতে স্বজনদের আনন্দময় কক্সবাজার ভ্রমণ মুহূর্তেই পরিণত হয় শোকে। পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে কক্সবাজার যাওয়া সীমার আর বাড়ি ফেরা হলো না।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/আ.র