চাঁদপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ

টানা বৃষ্টি ও তীব্র জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেয়ার প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে চাঁদপুরে ব্যাপক বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে শহরের বাসস্ট্যান্ড মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল চরমভাবে ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বিক্ষোভ চলাকালে শত শত শিক্ষার্থী রাস্তায় বসে পড়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের মুখে ‘দফা এক, দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’, ‘আপস না, সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান শোনা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, চরম বৈরী পরিবেশের মধ্যে গত সোমবার (১৩ জুলাই) জোরপূর্বক পরীক্ষা নেয়া হয়েছে। পরীক্ষার আগে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় বা বন্ধ দেয়া হয়নি। অতীতের চেয়ে এবারের প্রশ্নপত্র অনেক বেশি কঠিন করা হয়েছে এবং বেশ কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে।
শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থী ও অভিভাবকেরা বারবার পরীক্ষা স্থগিতের দাবি জানালেও শিক্ষামন্ত্রী তা পাত্তা না দিয়ে উল্টো ‘অযাচিত ও বিতর্কিত’ মন্তব্য করেছেন। এই কারণে তারা অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং বর্তমান পরীক্ষা পদ্ধতির আমূল পরিবর্তনের দাবি জানাচ্ছেন।
এদিকে নিজের করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার জাতীয় সংসদে একটি বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এই দুঃখ প্রকাশ করেন।
একই সাথে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেয়ার ব্যবস্থা করা যাবে। তবে শিক্ষামন্ত্রীর এই আশ্বাসের পরও পরীক্ষা পদ্ধতি পরিবর্তন ও চূড়ান্ত সুরাহা না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন বলে জানা গেছে।
ভোরের আকাশ/এম