হবিগঞ্জে ওসিকে গালাগাল করায় উপজেলা বিএনপির সভাপতি আটক

হবিগঞ্জের বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থিত তুষার চৌধুরীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
এর আগে শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করার একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তে নেয় এবং এরই ধারাবাহিকতায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।
এ প্রসঙ্গে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস জানান- আজ দুপুরে শহরের শায়েস্তানগর এলাকা থেকে বাহুবল উপজেলা বিএনপির সভাপতিকে হেফাজতে নেয়া হয়েছে, পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন, পরে বিস্তারিত বলতে পারবো।
এদিকে তুষার চৌধুরীর আটকের খবর ছড়িয়ে পড়লে বাহুবল উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ঢাকা - সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।
ভোরের আকাশ/আ.র