ঝুঁকিতে ১৯ কিলোমিটার বেড়িবাঁধ
সিডরের ১৯ বছরেও নিরাপদ নয় পাথরঘাটার উপকূল

একটি রাত বদলে দিয়েছিল উপকূলের হাজারো মানুষের জীবন। স্বজন হারানোর কান্না, ধ্বংসস্তূপে পরিণত হওয়া বসতভিটা আর জীবিকার অনিশ্চয়তা—২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের সেই ভয়াল স্মৃতি আজও তাড়া করে বেড়ায় বরগুনার পাথরঘাটার মানুষকে।
দেখতে দেখতে ১৯ বছর পেরিয়ে গেলেও দুর্যোগের ক্ষত পুরোপুরি মুছে যায়নি। বরং নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে নদীভাঙন ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ।
স্থানীয়দের আশঙ্কা, যেকোনো শক্তিশালী ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসে আবারও বিপর্যয়ের মুখে পড়তে পারে উপকূলীয় জনপদ। পাথরঘাটায় প্রায় ১৯ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কোথাও নদীভাঙন, কোথাও বাঁধের মাটি ধসে পড়েছে, আবার কোথাও বাঁধের দুর্বলতা স্পষ্ট। ফলে দুর্যোগের মৌসুম এলেই আতঙ্কে দিন কাটে নদীতীরবর্তী বাসিন্দাদের।
২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে সিডরের আঘাতে পাথরঘাটাসহ বরগুনার উপকূলীয় এলাকায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়। সরকারি হিসাব অনুযায়ী, ওই দুর্যোগে পাথরঘাটায় ৩৪৯ জনসহ বরগুনা জেলায় মোট ১ হাজার ৩৪৫ জনের মৃত্যু হয়। অসংখ্য ঘরবাড়ি, ফসলি জমি ও গবাদিপশু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে বহু পরিবার।
সেই দুর্যোগে পাথরঘাটার ৯১ জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। দীর্ঘ ১৯ বছরেও তাঁদের ফিরে আসার অপেক্ষা শেষ হয়নি পরিবারের সদস্যদের। কেউ হারিয়েছেন স্বামী, কেউ বাবা কিংবা ভাইকে। নিখোঁজ ব্যক্তিদের মৃত্যু সনদ না পাওয়ায় জমিজমা-সংক্রান্ত জটিলতা এবং সরকারি সহায়তা পেতেও ভোগান্তিতে পড়ছেন অনেক পরিবার।
সিডরে দুই ভাইকে হারানো রহিম বলেন, ‘আমার দুই ভাইসহ ১৭ জন জেলেকে নিয়ে একটি ট্রলার সিডরে নিখোঁজ হয়। আজও তাঁদের কোনো সন্ধান পাইনি। তাঁরা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, কিছুই জানি না।’
স্থানীয়দের মতে, নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু অস্থায়ী মেরামত যথেষ্ট নয়। প্রয়োজন পরিকল্পিত ও টেকসই বেড়িবাঁধ। দুর্বল বাঁধের কারণে জলোচ্ছ্বাসের পানি লোকালয়ে প্রবেশ করলে বসতবাড়ি, ফসলি জমি ও মানুষের জীবন-জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। তাই বড় কোনো দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ বাঁধগুলো স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান বলেন, পাথরঘাটায় প্রায় ১৯ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। নদীভাঙনকবলিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো তাঁদের নজরে রয়েছে। এসব এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। সরকার পরিকল্পনাটি অনুমোদন দিলে বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলীয় এলাকার মানুষের জানমাল, ফসলি জমি ও বসতবাড়ি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে।
সিডরের ১৯ বছর পরও পাথরঘাটার মানুষের কাছে ১৫ নভেম্বর কেবল একটি তারিখ নয়, এটি স্বজন হারানোর বেদনা ও নতুন করে সর্বস্ব হারানোর আশঙ্কার প্রতীক। অতীতের ভয়াবহ অভিজ্ঞতা যেন আর ফিরে না আসে—এমন প্রত্যাশা উপকূলবাসীর। তাঁদের দাবি, পরবর্তী দুর্যোগের অপেক্ষায় না থেকে এখনই ঝুঁকিপূর্ণ ১৯ কিলোমিটার বেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণ ও সংস্কারের কার্যকর উদ্যোগ নিতে হবে।
ভোরের আকাশ/রই