হাজী সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের খাদ্য বিতরণ

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন হাজী সিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
শুক্রবার সকাল ১০টায় বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১হাজার ৬শত পরিবারের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের এ আয়োজনে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের পাশাপাশি ঈদের বিশেষ সামগ্রীও প্রদান করা হয়েছে।
হাজী সিরাজুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র এ.কে.এম.ইরাদাত মানু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. আনোয়ার হোসেন সেলিম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান, বজ্রযোগিনী ইউনিয়ন বিএনপি'র সভাপতি ড.নজরুল ইসলাম মন্টু, যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন দেওয়ান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মিজান খান, বিশিষ্ট সমাজসেবক বাসেদ শেখ, আনিছ দেওয়ান, ইকবাল পাই, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজান শেখ, ইউনিয়ন পরিষদের সদস্য আ.মান্নান শেখ, হোসেন শেখ, মনিরুজ্জামান নান্নুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, "সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হাজী সিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন সবসময়ই আর্তমানবতার সেবায় নিয়োজিত থেকেছে। রমজানের পবিত্রতা রক্ষা এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।"
খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় গরিব মানুষরা। তারা জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। ফাউন্ডেশনের এমন মানবিক কর্মকাণ্ড ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
ভোরের আকাশ/এনএস