কমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫নং চর ফলকন ইউনিয়নে বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের ছোবলে সাম্প্রতিক সময়ে দুজনের মৃত্যুর ঘটনায় পুরো উপজেলা ও ইউনিয়নজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন—কখন, কার ওপর আঘাত হানবে এই বিষাক্ত সাপ? এমন আতঙ্কজনক পরিস্থিতিতে পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে যান কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ-জামান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১০ ঘটিকার সময় উপজেলার চর ফলকন ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি চর ফলকন ইউনিয়নে রাসেল ভাইপারের ছোবলে দুজন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়। এরপর থেকেই স্থানীয় কৃষক, দিনমজুর ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে মেঘনা নদী তীরবর্তী এই অঞ্চলের সাধারণ মানুষ চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সাপের উপদ্রব থেকে রক্ষায় সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন। পাশাপাশি, ঝোপঝাড় পরিষ্কার রাখা, চলাচলের সময় সতর্ক থাকা এবং সাপে কাটলে ওঝা-বৈদ্যের কাছে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।
ভোরের আকাশ/রই