মাগুরায় দুস্থ-অসহায়দের মাঝে সৌদি খেজুর বিতরণ

মাগুরায় সৌদি আরব থেকে আসা ৯২ কার্টন খেজুর দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা এসে এসব খেজুর সংগ্রহ করেন।
বৃহস্পতিবার (১২মার্চ) সকাল সাড়ে ১১টায় মাগুরা ত্রাণ গুদাম-কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম শুরু হয়। বিতরণকৃত খেজুরের মধ্যে মাগুরা সদর উপজেলায় ৩০ কার্টন, শ্রীপুর উপজেলায় ২০ কার্টন, শালিখা উপজেলায় ২০ কার্টন এবং মহম্মদপুর উপজেলায় ২২ কার্টন দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত থেকে নিজ হাতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে খেজুর তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা এটিএম বেনজীর রহমান এবং পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মাগুরার জন্য বরাদ্দকৃত ৯২ কার্টন খেজুর কিছুটা বিলম্বে পৌঁছালেও প্রজ্ঞাপনের চিঠি পাওয়ার পরপরই বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসহায় মানুষের তালিকা প্রস্তুত করা হয়। বুধবার খেজুর পৌঁছানোর পর বৃহস্পতিবার সকালেই সুষ্ঠুভাবে তা বিতরণ করা সম্ভব হয়েছে।
ভোরের আকাশ/ র.ই