রায়গঞ্জে সিএনজি থেকে চাঁদা আদায়ের অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজি চালিত অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ জেলা অটো রিকশা, অটো টেম্পু ও সিএনজি মালিক সমিতি জার রেজিঃ নং–১৮০৯।
শনিবার (৩ জানুয়ারি) শনিবার দুপুরে উপজেলার ভূঁইয়াগাঁতী বাজারে সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মো. আব্দুল হাদি। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি প্রবীণ কুমার গুন ও সাধারণ সম্পাদক মো. এরশাদ আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজার এলাকায় মো. আব্দুল আলীম, আলী আশরাফ, রফিকুল ইসলাম, কায়ুম শেখ ও রেজাউল শেখসহ একটি চক্র দীর্ঘদিন ধরে প্রতিদিন সিএনজি চালকদের কাছ থেকে গাড়ি প্রতি ৩০ টাকা করে এছারা প্রতি মাসে স্টিকার বাবদ দুই থেকে তিনশত টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করছে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালকদের হুমকি দেওয়া এবং গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও বক্তব্যে অভিযোগ করা হয়।
সমিতির নেতারা বলেন, প্রকাশ্যে অবৈধ চাঁদা আদায়ের কারণে পরিবহন খাতে শৃঙ্খলা ভেঙে পড়ছে এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। তারা দ্রুত চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
ভোরের আকাশ/মো.আ.