নীলফামারীতে চুরি প্রতিরোধে ব্যবসায়ী-পুলিশ মতবিনিময়

চুরি প্রতিরোধ ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনার নিরাপত্তা জোরদারে নীলফামারীতে ব্যবসায়ী ও পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নীলফামারী সদর থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের দিকনির্দেশনায় সভার আয়োজন ও পরিকল্পনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মো. ফারুক আহমেদ, পিপিএম-সেবা।
সভায় পুলিশ পরিদর্শক দেওয়ান শাহিন জামান, বিট অফিসার ও সহকারী বিট অফিসার, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি, বাজার কমিটির সদস্য, আবাসিক হোটেল ব্যবস্থাপকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১৫০ থেকে ২০০ জন অংশ নেন।
সভায় ব্যবসাপ্রতিষ্ঠান ও বাজার এলাকায় চুরি প্রতিরোধ, নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সন্দেহজনক ব্যক্তির গতিবিধি সম্পর্কে পুলিশকে অবহিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নাইট গার্ডদের দায়িত্বশীলতা ও তদারকির ওপর গুরুত্ব দেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সংঘটিত চুরির ধরণ পর্যালোচনা করে জুয়েলার্স, মোবাইল ফোনের শোরুমসহ ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। নাইট গার্ডদের দোকান খোলার সময় পর্যন্ত দায়িত্ব পালন, ডিউটি রেজিস্টার সংরক্ষণ এবং রাতের নিরাপত্তা তদারকিতে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দায়িত্বশীল ব্যক্তি নির্ধারণের কথা বলা হয়।
এ ছাড়া মূল্যবান সামগ্রী ও বড় অঙ্কের নগদ অর্থ নিরাপদ স্থানে রাখা, সাটারের বাইরে মজবুত কেচিগেট স্থাপন এবং কার্যকর সিসিটিভি ক্যামেরা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
আবাসিক হোটেল ব্যবস্থাপকদের হোটেলে অবস্থানকারী ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সংরক্ষণ এবং সন্দেহজনক কোনো ব্যক্তির বিষয়ে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়। হোটেলের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় অজ্ঞান পার্টির প্রতারণা ও চুরি প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। অপরিচিত ব্যক্তির গতিবিধি সম্পর্কে সতর্ক থাকা এবং সন্দেহজনক ঘটনা দেখা গেলে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি ও পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।
চুরি প্রতিরোধে বিট পুলিশিং জোরদার, সক্রিয় চোরদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি এবং চুরির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
সভায় ব্যবসায়ী, নাইট গার্ড, আবাসিক হোটেল ব্যবস্থাপক ও চৌকিদারসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়।
চুরি প্রতিরোধে করণীয় বিষয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি দ্রুত যোগাযোগ ও সমন্বয়ের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সভাটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সন্ধ্যা ৬টায় শেষ হয়।
ভোরের আকাশ/আ.র