নারায়ণগঞ্জে ‘গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী’ সাহেব আলী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুপক্ষের গোলাগুলির সময় এক ‘শীর্ষ সন্ত্রাসীর’ মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহেব আলী (৫০) নামে ওই ব্যক্তি মারা যান বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
পুলিশের ভাষ্য, সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে।
তারেক আল মেহেদী বলেন, সোমবার বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনির বউবাজার এলাকায় নিজেদের মধ্যে কোন্দল থেকে গোলাগুলি হয়। এ সময় সাহেব আলী গুলিবিদ্ধ হয়ে রাস্তার পাশের ড্রেনে পড়ে যান।
তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তারেক আল মেহেদী বলেন, সাহেব আলী এলাকার ‘শীর্ষ সন্ত্রাসী’ ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পান তিনি। ঘটনাটি আরও তদন্ত করে দেখা হচ্ছে।
ভোরের আকাশ/এনএস