সাতকানিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন, জনসচেতনতা বাড়াতে নানা কর্মসূচি

সাতকানিয়া উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩–২৯ এপ্রিল ২০২৫) উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. এ.টি.এম. মনজুর মোর্শেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডা. সৌমেন বড়ুয়া এবং মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ সাদত ইসলাম মিরাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে সঠিক পুষ্টির বিকল্প নেই। শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। তারা আরও বলেন, অপুষ্টি প্রতিরোধে পরিবার পর্যায়ে সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে পুষ্টি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স, বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সাতকানিয়ায় সপ্তাহজুড়ে আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান, পুষ্টি বিষয়ক ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
ভোরের আকাশ/এনউব