ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-এর সমাপনী অনুষ্ঠান

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, ফরিদপুরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সামাজিক বন বিভাগ, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক মো. শাহাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ফলজ, বনজ ও ঔষধি গাছের গুরুত্ব তুলে ধরে সঠিকভাবে চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টলের মালিকরাও উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ