বাকেরগঞ্জে কলেজ ছাত্র হত্যা: প্রধান আসামি লিটনকে ঢাকা থেকে গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কলেজ ছাত্র সাইদুল ইসলাম সজিব (২৬) হত্যাকাণ্ডের অন্যতম হোতা ও পলাতক আসামি মো. লিটন খানকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর বউ বাজার এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে র্যাব-৮ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম-সেবা।
র্যাব জানায়, গত ২৮ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০টার দিকে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গোশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। ভিকটিম সাইদুল ইসলাম সজিব ও তার বাবা মো. আবুল হোসেন খান নিজেদের জমিতে ঘর নির্মাণ করতে গেলে লিটন খানসহ একদল হামলাকারী লোহার রড, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
হামলায় সজিবের মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়। গত ৩১ মার্চ ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজিবের মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর থেকেই ঘাতকরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-৩৬) দায়ের করেন। ঘটনার ছায়া তদন্ত শুরু করে র্যাব-৮। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮ ও র্যাব-১০ এর একটি চৌকস দল শুক্রবার রাতে ঢাকার ধলপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত লিটন খানকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত লিটন খান বাকেরগঞ্জের লোচনাবাদ গ্রামের মৃত মোকসেদ আলী খানের ছেলে। র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকার যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে বরিশাল আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/আ.র