দেশে তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। সরকার আগামী তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। সেই সঙ্গে জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেয়া হয়েছে, যার মধ্যে রয়েছে—সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা।
আজ শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে তবে বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে।
তিনি বলেন, টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য এরইমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কথা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি, এডভোকেট আব্দুস সালাম পিন্টু এমপি, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র