জীবননগরে ড্রাগন বাগান কেটে ফেলার মামলার আসামি সাব্বির গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পেয়ারাতলা কবরস্থান মাঠে ড্রাগন বাগান কেটে ফেলার মামলার ২ নম্বর আসামি সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পেয়ারাতলা পশ্চিম পাড়ার ফারুকের ছেলে সাব্বিরকে তার নানির বাড়ি বাঁকা গ্রাম থেকে গ্রেপ্তার করেন জীবননগর থানার সাব-ইন্সপেক্টর আব্দুস সবুর। এ সময় পুলিশের একটি দল তার সঙ্গে ছিল।
উল্লেখ্য, গত ১৭ মার্চ রাতের আঁধারে পূর্ব শত্রুতার জেরে পেয়ারাতলা সাবেক ইউপি সদস্য রিপন মন্সুর ড্রাগন বাগানের প্রায় ১২-১৩শ গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে।
এ ঘটনায় রিপন মন্সুর বাদী হয়ে জীবননগর থানায় সাব্বির ও তার মামা দেওয়ানপাড়ার শহিদুল দেওয়ানের ছেলে নাজমুল দেওয়ানের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসীর অভিযোগ, গ্রেপ্তারকৃত সাব্বির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/ র.ই