ফেনীতে কাভার্ড ভ্যান উল্টে আটকা চালক ৪ ঘণ্টা পর উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া একটি কাভার্ড ভ্যানের ভেতর প্রায় চার ঘণ্টা আটকে থাকা চালক মো. শামীমকে (২৫) উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে ফাজিলপুরের খাইয়ারা সংলগ্ন জেনিথ পাম্পের বিপরীত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া চালক শামীম পটুয়াখালীর দশমিনা উপজেলার ইদ্রিস আকনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে ‘রহিম ইন্ডাস্ট্রিজ’-এর প্রায় ২১ টন স্ক্র্যাপ ও লোহার মালামাল নিয়ে কাভার্ড ভ্যানটি ঢাকার কাঁচপুরের উদ্দেশে যাচ্ছিল। ফাজিলপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপে পড়ে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনার পর চালকের সহকারী দ্রুত গাড়ি থেকে বের হতে পারলেও চালক শামীম ভেতরে আটকা পড়েন। পরে হাইওয়ে পুলিশের একটি টহল দল দুর্ঘটনাকবলিত গাড়িটি দেখতে পেয়ে ঘটনাস্থলে এগিয়ে যায়। এ সময় তারা গাড়ির ভেতর থেকে চালকের আকুতি ও চিৎকার শুনতে পায়।
পরে পুলিশ দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফেনী সদর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ হারুন পাশার নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম. এ. ইমরান হোসেন বলেন, সকালে টহলের সময় কাভার্ড ভ্যানটি উল্টে থাকতে দেখে পুলিশ সদস্যরা সামনে এগিয়ে যান। গাড়ির ভেতর চালক আটকা পড়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় চার ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে চালক শামীমকে জীবিত ও নিরাপদে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ হারুন পাশা বলেন, কাভার্ড ভ্যানে প্রায় ২১ টন ভারী লোহার মালামাল ছিল। দুর্ঘটনায় গাড়িটি দুমড়েমুচড়ে যাওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর চালককে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।
ভোরের আকাশ/সু.পা