নারায়ণগঞ্জের সাত খুনের মামলার আসামীর ভাই গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়রসহ আলোচিত সাত খুন হত্যা মামলার প্রধান আসামি ঘাতক নূর হোসেনের ভাই নূর ছালামকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারাযণগঞ্জ সিটিকরপোরেশনের ৩ নং ওয়ার্ডের মাদানী নগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। জানা যায় গ্রেফতারকৃত নূর সালামের বিরুদ্ধে বৈষম্য বিরোধী দু'টি হত্যাসহ মোট ৮টি মামলা রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে থানা এলাকার নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাসহ তার বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলেই নূর ছালামকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যার ঘটনায় তার বোন রেহেনা বেগমের দায়ের করা মামলার এজহারভূক্ত আসামী নূর ছালাম।
গ্রেপ্তারকৃত নূর ছালাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়রসহ আলোচিত সাত খুন হত্যা মামলার প্রধান আসামি ঘাতক নূর হোসেনের ভাই এবং নাসিক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শাহ জালাল বাদলের বাবা।
ক্ষমতার দাপটে এলাকায় ভূমিদস্যুতার ব্যাপক রামরাজত্ব কায়েম করেছিলেন। যার ফলে এলাকার মানুষ তাকে বোবা ডাকাত হিসেবেই চিনেন।
ভোরের আকাশ/মো.আ.