প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আইকনেক্ট ২০২৬-এর উদ্বোধন

প্রযুক্তি, প্রকৌশল, গবেষণা ও উদ্ভাবনে আন্তর্জাতিক জ্ঞান বিনিময় ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন ‘আইকনেক্ট ২০২৬’।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
‘পরবর্তী প্রজন্মের তড়িৎ ও ইলেকট্রনিকস, কম্পিউটার ব্যবস্থা ও প্রযুক্তি’ বিষয়ক এ সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ ও শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ প্রযুক্তি ও কম্পিউটার ব্যবস্থা-সহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে গবেষণা ও জ্ঞান বিনিময় হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইকনেক্ট ২০২৬-এর সাধারণ সভাপতি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. শহীদ মো. আসিফ ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. শেখ ফাত্তাহ, অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ মো. রবিউল ইসলাম, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক সুফিয়া আক্তার এবং সম্মেলনের আয়োজক সভাপতি ও ইইই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক টোটন চন্দ্র মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, প্রযুক্তিকে শুধু যন্ত্রপাতি বা বিভিন্ন ব্যবস্থার সমষ্টি হিসেবে দেখলে হবে না। প্রযুক্তির মাধ্যমে শহর ও নাগরিকজীবনকে আরও দক্ষ, টেকসই, সংযুক্ত ও জনবান্ধব করে তুলতে হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু প্রচলিত জ্ঞান বিতরণ নয়; নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং ভবিষ্যতের জটিল সমস্যা মোকাবিলায় তরুণদের প্রস্তুত করাও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আইকনেক্টের মতো সম্মেলন গবেষণা ও জ্ঞানকে ভৌগোলিক ও প্রাতিষ্ঠানিক সীমারেখার বাইরে নিয়ে গিয়ে নতুন সহযোগিতার সুযোগ তৈরি করে উল্লেখ করে তিনি বলেন, এ সম্মেলন যেন শুধু গবেষণাপত্র উপস্থাপনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। এর মাধ্যমে নতুন গবেষণা উদ্যোগ, অর্থবহ আলোচনা ও দীর্ঘমেয়াদি একাডেমিক অংশীদারত্ব গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি মানবকল্যাণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন ডা. শাহাদাত হোসেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, শিল্পখাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর গড়ে তুলতে প্রযুক্তি ও উদ্ভাবন কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, দায়িত্ব গ্রহণের এক বছরের মধ্যে এমন একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন ও সভাপতিত্ব করার সুযোগ তার জন্য সম্মানের। সম্মেলন আয়োজনে সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উপাচার্য বলেন, আইকনেক্ট ২০২৬-এর লক্ষ্য শুধু একটি অনুষ্ঠান আয়োজন নয়; গবেষণা, জ্ঞান ও উদ্ভাবনের মাধ্যমে সমাজ, শিল্প ও দেশের অর্থনীতিতে বাস্তব অবদান রাখা। শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা এবং গবেষণার বাস্তব ও বাণিজ্যিক প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটিকে একটি মানসম্পন্ন, গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের নানা দিক নিয়ে আলোচনা হবে। আয়োজকদের প্রত্যাশা, আইকনেক্ট ২০২৬-এর মাধ্যমে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও শিল্পখাতের প্রতিনিধিদের মধ্যে নতুন সহযোগিতা ও অংশীদারত্বের সুযোগ তৈরি হবে।
ভোরের আকাশ/ ইউএম