সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
গাইবান্ধার সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলো মোড় এলাকায় আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। অনুষ্টানটিতে উপস্থিত ছিলেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব ফারুক আলম সরকার।
গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতাউর রহমান আতা ও সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোফিজুল হক নয়নসহ দলটির প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে বরন করে নেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব ফারুক আলম সরকার।
সাঘাটা উপজেলার বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল এবং শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল কবির রাঙ্গা।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ প্রমুখ।
এদিকে, বিএনপিতে যোগদানের পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আতাউর রহমান আতা ও মোফিজুল হক নয়নকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার মোহাম্মদ শাহিনের ফেসবুক পোস্টে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার হোসেন শাহীন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মশিউর রহমান তাদের দলের সকল পদ-পদবি থেকে বহিষ্কার করেছেন।
একই সঙ্গে জাতীয় যুব সংহতি গাইবান্ধা জেলা শাখার সভাপতি এ.কে.এম নুরুন নবী সরকার মিথুল ও সাধারণ সম্পাদক ফরহাদুল হক দলীয় শৃঙ্খলা পরিপস্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাঘাটা উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি তোমাল হোসেন ও সাধারণ সম্পাদক একরামুল হোসেনকেও বহিষ্কারের ঘোষণা দেন।
ভোরের আকাশ/নি. ব