ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে হোটেল কর্মচারীদের মানববন্ধন

খাবারের মান নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানোর প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছেন একটি হোটেলের কর্মচারীরা। দুপুরে সদর উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের আমতলা বাজার এলাকায় মগের মুল্লুক হোটেলের কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে হোটেলের কর্মচারীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, মগের মুল্লুক হোটেল দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে খাবার পরিবেশন করে আসছে। তবে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিষ্ঠানটির খাবারের মান নিয়ে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের অপপ্রচারের কারণে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হচ্ছে। একই সঙ্গে কর্মরত কর্মচারীরাও ক্ষতির মুখে পড়ছেন।
মানববন্ধন থেকে মগের মুল্লুক হোটেলকে নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
ভোরের আকাশ/জেআ