নারায়ণগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বেসরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬ উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ বৃত্তি পরীক্ষার আজ ছিল সমাপনী দিন। নারায়ণগঞ্জ সদর উপজেলার তিনটি এবং বন্দর, সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলার একটি করে মোট সাতটি কেন্দ্রে থেকে পরীক্ষার্থীরা অংশ নিয়ে আজ দ্বিতীয় দিনে শেষ হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) থেকে বেসরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। জেলার ২০০ টি বেসরকারী স্কুল ও কিন্ডারগার্টেন থেকে ১হাজার ৬৭২ জন শিক্ষার্ধী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ডের আল বালাগ আদর্শ একাডেমী স্কুলের প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ বলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদ আয়োজিত বেসরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ প্রশাসককে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
কোমলমতি শিশুদের শিক্ষার্থীদের জন্য এ আয়োজন প্রতি বছর অব্যাহত থাকলে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে। এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।
সোনারগাঁ অঞ্চলের শিক্ষক ও অভিভাবকরা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরীক্ষা শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
শনিবার নারায়ণগঞ্জ আদর্শ হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মোঃ মামুন মাহমুদ। কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত অভিভাবক এবং শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলেন।
এ সময় তিনি বলেন, বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা যাতে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য জেলা পরিষদের পক্ষ থেকে বিশেষ এ পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর ফলে নারায়ণগঞ্জের বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
তিনি আরও বলেন, এ বৃত্তি পরীক্ষা শিশুদের ভবিষ্যৎ গঠনে মাইলফলক হয়ে থাকবে বলে তিনি মনে করেন। জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের আর্থিক বৃত্তি ও সনদ দেওয়া হবে। এতে তাদের ভবিষ্যৎ পথচলা আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের জেলা পরিষদ বেসরকারি প্রাথমিক বৃত্তি এবছরই প্রথম মতো চালু করা হয়েছে ।জেলার ৫টি উপজেলায় ৭টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/রই