বঙ্গোপসাগরে মাছ ধরার বোটসহ ২০ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ভাসমান একটি মাছ ধরার বোটসহ ২০ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী৷ ইঞ্জিন বিকল হয়ে দীর্ঘ সময় ধরে সমুদ্রে ভেসে থাকা বোটটি শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে কুতুবদিয়ার অদূরে উদ্ধার করে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সুরমা’।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, শুক্রবার সকালে ‘বানৌজা সুরমা’ একটি জরুরি টেলিবার্তার মাধ্যমে কুতুবদিয়ার অদূরে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে থাকার খবর পায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নৌবাহিনীর জাহাজটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। নৌবাহিনীর সদস্যরা দুর্ঘটনার শিকার বোটটি থেকে ২০ জন মাঝি-মাল্লাকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং তাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও সরবরাহ করা হয়।
উদ্ধারকৃত জেলেরা জানান, তারা গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে মাছ ধরার উদ্দেশ্যে বোটটি নিয়ে সমুদ্রে যাত্রা করেন। পরবর্তীতে ২৮ জানুয়ারি ভোর আনুমানিক ৪টার দিকে ১০ থেকে ১২ জন দুষ্কৃতকারী অপর একটি বোটযোগে এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাদের ওপর হামলা চালায়। এ সময় দুষ্কৃতকারীরা জেলেদের জিম্মি করে বোটে থাকা মাছ, চার ড্রাম ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন ব্যক্তিগত মালামাল লুট করে নেয়। পাশাপাশি বোটের ইঞ্জিন বিকল করে দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এর ফলে জেলেরা দীর্ঘ সময় ধরে সমুদ্রে ভাসমান অবস্থায় মানবেতর জীবনযাপন করতে থাকেন।
নৌবাহিনীর দ্রুত ও কার্যকর অভিযানের ফলে শেষ পর্যন্ত বিপদগ্রস্ত জেলেদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
ভোরের আকাশ/মো.আ.