মাগুরার দুটি আসনেই বিএনপি প্রার্থী বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মো. মনোয়ার হোসেন খান ও নিতাই রায় চৌধুরী বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এই ফলাফল ঘোষণা করেন।
মাগুরা-১ আসনের মোট ১৫৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী মো. মনোয়ার হোসেন খান পেয়েছেন ১,৮৩,৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল মতিন দাঁড়িয়েপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৮,০৩৬ ভোট।
অন্যদিকে, মাগুরা-২ আসনের ১৪৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপির কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৪৭,৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েপাল্লা প্রতীকের মো. মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১,১৭,০১৮ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই আসনের সকল কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। রাতভর ভোট গণনা শেষে দুই উপজেলাতেই বিএনপি প্রার্থীদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর মাগুরা শহর ও উপজেলাগুলোতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
ভোরের আকাশ/ র.ই