মাধবপুরে বজ্রপাত ও কারখানায় বিস্ফোরণে নিহত ২

হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার পৃথক স্থানে বজ্রপাত এবং একটি শিল্পকারখানায় কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় সামিউল হক (২৫) ও সামছুল ইসলাম (২২) নামে আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর জগদীশপুর ইউনিয়নের ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্পিনিং সাইডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দেওয়ানবাগ এলাকার মৃত লাল মিয়ার ছেলে। আহত সামিউল হক কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বাবাইতারি এলাকার এমদাদুল হকের ছেলে। সামছুল ইসলাম মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে।
এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার নোয়াহাটি পশ্চিম মাঠে বজ্রপাতে লিটন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়। কৃষিকাজের জন্য মাঠে গেলে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত লিটন ওই এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র ছেলে ছিলেন। একই দিনে পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যু এবং বিস্ফোরণে দুজন আহত হওয়ার ঘটনায় মাধবপুরে শোকের ছায়া নেমে এসেছে।
মাধবপুর থানার ওসি সোহেল রানা পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
ভোরের আকাশ/আ.র