বগুড়া-৬ আসনে উপনির্বাচন আজ: প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী

জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) শূন্য আসনের উপনির্বাচন বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া এই আসনের নির্বাচনে বিএনপির প্রার্থী বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জামায়াতের প্রার্থী বগুড়া শহর জামায়াতের আমীর আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তার কায়ালয় সুত্রে জানা গেছে, বগুড়া-৬ আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ৩ হাজার ৭৩৬ জন। মোট ১৫১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে।
রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. ফজলুল করিম জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের মোবাইল টিম কাজ করছে। পাশাপাশি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি একাধিক আসনে নির্বাচিত হওয়ায় বগুড়া-৬ (সদর) আসনটি ছেড়ে দেন। একারণে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
ভোরের আকাশ/এনউব