১০২ বোতল কোডিন সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কোডিন ফসফেট মিশ্রিত অবৈধ সিরাপসহ আশিকুর রহমান ওরফে মিন্টু (৪৩) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের একটি বিশেষ টিম গত রোববার (৮ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে পার্বতীপুর মডেল থানাধীন উপজেলার বড় হরিপুর মুন্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আশিকুর রহমান ওরফে মিন্টুকে তার নিজ বাড়িতে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে তার বসতবাড়ির একটি কক্ষ এবং মাটির নিচে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার তল্লাশি করে বিপুল পরিমাণ কোডিন ফসফেট মিশ্রিত সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৪৮ বোতল ফেয়ারডিল সিরাপ, ৪৬ বোতল স্ক্যাফ সিরাপ এবং ৮ বোতল উইনসেরেক্স সিরাপ। সব মিলিয়ে মোট ১০২ বোতল কোডিন ফসফেট মিশ্রিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, যার পরিমাণ প্রায় ১০ দশমিক ২ লিটার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৫৫ হাজার টাকা।
অভিযান পরিচালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের ইন্সপেক্টর আব্দুর রহমান, সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন–২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
ভোরের আকাশ/আ.র