রাণীশংকৈলে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৃথক ঘটনায় দুই শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হোসেনগাঁও ও লেহেম্বা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের মামলায় ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও গ্রামের এক দিনমজুরের ১২ বছর বয়সী মেয়েকে মোবাইল ফোনে নাটক দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নেন একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মনসুর রহমান ওরফে মোশাররফ মোড়ল (৬৫)। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনা জানায়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ গ্রামবাসী কলিগাঁও গ্রামের ক্লাবের মোড়ে অভিযুক্তকে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। তারা ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়। রাতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেন।
অন্যদিকে, একই দিন উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজিপাড়া গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এনামুল হক (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
অভিযোগ অনুযায়ী, এনামুল হক শিশুটিকে মসজিদের শৌচাগারে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় অন্য একটি শিশু ঘটনাটি দেখে ফেললে তিনি সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় রাতেই থানায় ধর্ষণচেষ্টার মামলা করা হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, পৃথক দুই ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষণের মামলায় ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, ধর্ষণচেষ্টার মামলার আসামি এনামুল হক পলাতক রয়েছেন।
ভোরের আকাশ/সু.পা