রেলওয়ে পুলিশকে মারধরের ঘটনায় নারায়ণগঞ্জে চারজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশ কর্মকর্তার ওপর হামলা ও মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা, বিশেষ করে ২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ডি এম অনিক ওরফে রাকিব (২৮), সিস্টার অনিক (২৫), ফারুক হোসেন (২৩) ও শহীদুল ইসলাম (৪৫)।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, রেলওয়ে পুলিশের ওপর হামলার একটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
পুলিশ জানায়, গত রোববার বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফ শহরের উকিলপাড়া রেললাইন এলাকায় টহলে যান। এ সময় দুই যুবককে মাদক সেবনের অভিযোগে আটক করে সিএনজিতে তোলার চেষ্টা করলে স্থানীয় কিছু লোকজন সেখানে জড়ো হয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়।
একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল আরিফ গুরুতর আহত হন এবং তার মাথা ফেটে যায়। এছাড়া এসআই মিজানুর রহমানের পোশাক ছিঁড়ে যায় এবং তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। পরে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।
অন্যদিকে, আটক দুই যুবকের দাবি, তারা একটি ওয়াশিং প্লান্টের কর্মচারী এবং ঈদের কেনাকাটা শেষে ক্লান্ত হয়ে রেললাইনে বসে ছিলেন। এ সময় রেলওয়ে পুলিশ তাদের আটক করে টাকা আদায়ের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে।
ভোরের আকাশ/ র.ই