সেন্টমার্টিনে জেলের জালে ৩২ কেজির পোপা মাছ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের উপকূলে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ৩২ কেজি ওজনের এক বিশাল পোপা মাছ।
শনিবার (২২ নভেম্বর) সকালে স্থানীয় জেলে গণির জালে আটকা পড়ে মাছটি।
মাছটি জালে উঠতেই এলাকাজুড়ে তৈরি হয় কৌতূহল। আকার ও ওজনের কারণে মুহূর্তেই মাছটি দেখতে ভিড় জমায় স্থানীয় লোকজন ও পর্যটকরা। সমুদ্রের গভীর পানিতে বাস করা এ ধরনের মাছ সচরাচর জেলে–জালে ধরা পড়ে না বলে জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা।
মাছটির দাম হাঁকানো হচ্ছে প্রায় ৬ লাখ টাকা। বিরলতা ও বিশাল আকার দুইয়ের কারণে এমন উচ্চদর পাওয়া যেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
মাছটিকে ঘিরে দ্বীপজুড়ে চলছে আলোচনা। অনেকেই ছবি–ভিডিও তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। ইতোমধ্যে কয়েকজন পাইকার কিনতে আগ্রহ প্রকাশ করেছেন।
ভোরের আকাশ/মো.আ.