শিবপুরে মিলন রাণীর পাশে উপজেলা প্রশাসন

নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামের বিধবা মিলন রাণী দাস অবশেষে ফিরে পেয়েছেন মাথা গোঁজার নিরাপদ ঠাঁই।
দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঘরে চরম মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। সম্প্রতি তাঁর এই অসহায়ত্ব নিয়ে সংবাদ প্রকাশের পর পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। তাঁদের যৌথ প্রচেষ্টায় নতুন করে সংস্কার করে দেওয়া হয়েছে মিলন রাণীর বসতঘরটি।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিধবা মিলন রাণী দাসকে দুই বান্ডিল ঢেউটিন প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিন। পরবর্তীতে 'উদায়ন মানবিক জোট'-এর সভাপতি বাবু চন্দন ঘোষের উদ্যোগে জোটের সদস্যদের আর্থিক সহযোগিতা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহায়তায় জরাজীর্ণ ঘরটি সম্পূর্ণ মেরামত ও বসবাসের উপযোগী করে তোলা হয়।
সোমবার (১০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে নব-নির্মিত এই ঘরটি বিধবা মিলন রাণী দাসের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরটি হস্তান্তর করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিন।
উদায়ন মানবিক জোটের সভাপতি বাবু চন্দন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মানিক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোটের উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক, শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম নূরচান। অনুষ্ঠানে জোটের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
অসহায় মিলন রাণী দাসের পাশে দাঁড়িয়ে একটি জরাজীর্ণ ঘরকে বসবাসের উপযোগী করে তোলার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যেন এভাবেই সবসময় অসহায় মানুষের পাশে এগিয়ে আসেন, এমনটাই প্রত্যাশা তাঁদের।
ভোরের আকাশ/রই