সিরাজগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ সদর উপজেলায় চাঞ্চল্যকর আশরাফ আলী হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
এই হত্যা মামলায় আরও দুজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- সদর উপজেলার বহুলি ইউনিয়নের চাদপাল গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে মো. আব্দুল আলিম, মৃত জেসার উদ্দিন খলিফার ছেলে আবু বক্কার ও আ. খালেকের ছেলে মো. মোজাম আলী ও আব্দুর রউফ এবং দুই বছর সাজাপ্রাপ্তরা হলেন- আব্দুল্লাহ ও মোস্তাফিজ হোসেন।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. শাকিল হায়দার রফিক সরকার এই তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারসূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও গ্রামের রাস্তা নির্মানকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে ২০১৪ সালের ৮ই সেপ্টেম্বর সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের চাদপাল গ্রামের মো. আশরাফ আলীকে বাড়ির পাশের রাস্তায় দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। এসময় আশরাফের স্ত্রীসহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬'ই সেপ্টেম্বর আশরাফ আলী মারা যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদি হয়ে সিরাজগঞ্জ সদর থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলায় দীর্ঘ তদন্ত, সাক্ষ্য ও শুনানি শেষে আজ বুধবার বিচারক আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
এ সময় আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আব্দুর রহিম ও রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. শাকিল হায়দার রফিক সরকার।
ভোরের আকাশ/জাআ