চসিকের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ নম্বর ধারা অনুসারে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব জুয়েল রানা। এতে উল্লেখ করা হয়েছে, নতুন করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা সরকার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্বে বহাল থাকবেন।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, সংশোধিত আইনের ৪ ধারার ৩ উপধারার বিধান অনুসারে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে প্রচলিত বিধিবিধান অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য প্রাপ্য ভাতা গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। পরবর্তী সময়ে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর আদালতের রায়ে তাঁকে ওই নির্বাচনে মেয়র পদে বিজয়ী ঘোষণা করা হয়।
নতুন এই নিয়োগের ফলে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রমে তিনি সংশ্লিষ্ট আইন অনুযায়ী মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
ভোরের আকাশ/র.ই