পলাশে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মনি চক্রবর্তী পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন, আর সুলতানপুর গ্রামে বাস করতেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনার দিন রাত আনুমানিক ১১টার দিকে চরসিন্দুর বাজারস্থ তার মুদি দোকানের বেচাঁকেনা শেষ করে বাড়ি ফেরার পথে বাড়ির সন্নিকটে পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা কতিপয় দুর্বৃত্ত তার উপর হামলা করে এবং এলোপাতারিভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। পরে তার আত্মীয়স্বজনরা তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অপরাধীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ নিহত মনি চক্রবর্তী শিবপুর উপজেলার উত্তর সাধারচর গ্রামের মদন চক্রবর্তীর ছেলে। সে পেশায় একজন মুদি ব্যবসায়ী বলে জানা গেছে।
ভোরের আকাশ/র.ই