বাগেরহাটে দাফন না দাহ বিতর্কে থেমে গেল শেষকৃত্য নবমুসলিম দাবি

বাগেরহাটের মোল্লাহাটে এক যুবকের মরদেহ সৎকার ঘিরে দাফন না দাহ এমন বিরোধে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত শেষকৃত্য স্থগিত করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার(১৬ এপ্রিল) দুপুরে উপজেলার আটজুড়ী ইউনিয়নের আমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি সুব্রত পোদ্দার কানু (৪০)। স্থানীয়দের দাবি, তিনি প্রায় ১১ বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করে কাজী সোহাগ নাম ধারণ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন শ্মশানে সৎকারের প্রস্তুতি নেন।
এ সময় খবর পেয়ে মৃতের স্ত্রী মমতাজ মিম সেখানে এসে বাধা দেন। তার দাবি, স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলামী শরিয়াহ অনুযায়ী জানাজা শেষে দাফন করতে হবে। একই সঙ্গে তিনি স্বামীর মৃত্যুকে সন্দেহজনক উল্লেখ করে হত্যার অভিযোগও তোলেন।
মমতাজ মিম বলেন, ইসলামি রীতি অনুযায়ী আমাদের বিয়ে হয়েছে। সুন্নতে খাতনাও করা হয়েছিল। আমাদের একটি পুত্র সন্তান রয়েছে।”
অন্যদিকে মৃতের মা জানান, ছেলে ধর্ম পরিবর্তন করেছেন এ বিষয়ে তিনি কিছু জানতেন না। তার দাবি, ছেলে আগে এক মুসলিম নারীকে বিয়ে করলেও পরে তাকে তালাক দেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে উত্তর আমবাড়ি শ্মশান থেকে মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, মরদেহ দাফন নাকি সৎকার হবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে যথাযথ প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভোরের আকাশ/এনউব