জামালপুরে বৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

মেলান্দহ উপজেলায় ঝড়ে গাছ উপড়ে বসতবাড়ির ওপর পড়ে মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।
এর আগে, ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন মা ও দুই মেয়ে। এ সময় বৈশাখী ঝড়ে ঘরে পাশে থাকা একটি বড় মেহগনি গাছ বসতঘরের ওপর ভেঙে পড়ে। এতে বিছানায় শুয়ে থাকা মা ও দুই মেয়ে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। রাতে তাদের মৃত্যু হলেও সকালে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। গাছের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভোরের আকাশ/আ.র