মাদক ও জুয়ার বিরুদ্ধে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি

লালমনিরহাট প্রতিনিধি: মাদক ও জুয়ার ভয়াবহ বিস্তার থেকে সমাজ ও বিশেষ করে যুবসমাজকে রক্ষা করতে ব্যতিক্রমী ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অ্যাডভোকেট আসাদুল হাবিব দুলু, এমপির ঘোষিত ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমিতি সিদ্ধান্ত নিয়েছে, আগামী এক মাস (৯ জুলাই থেকে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত) লালমনিরহাট আদালতে মাদক ও জুয়া আইনে গ্রেপ্তার হওয়া কোনো আসামির পক্ষে জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য জামিন আবেদন করবেন না এবং কোনো ধরনের আইনি সহায়তাও প্রদান করবেন না।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাডভোকেট কে. এম. হুমায়ুন রেজা স্বপন লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় বিষয়টি নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিও গণমাধ্যমকর্মীদের মধ্যে বিতরণ করা হয়।
লিখিত বক্তব্যে জানানো হয়, মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও দুর্নীতিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অ্যাডভোকেট আসাদুল হাবিব দুলু, এমপির ঘোষিত ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জেলা আইনজীবী সমিতি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মাদক ও জুয়ার করাল গ্রাসে দেশের যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর পড়ছে। তাই আইন পেশায় নিয়োজিত লালমনিরহাটের আইনজীবীরা এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন। ভবিষ্যতেও মাদকসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে প্রয়োজন হলে আরও কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও তারা জানান।
তারা আরও বলেন, রাষ্ট্রের যেকোনো ইতিবাচক উদ্যোগে জেলা আইনজীবী সমিতি সম্পৃক্ত থাকবে। পাশাপাশি, সমিতির এ অবস্থান সমাজের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি ও সংগঠনকে সামাজিক অপরাধ দমনে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম রফিক, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস রুজি, অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, অ্যাডভোকেট ময়জুল ইসলাম ময়েজ, অ্যাডভোকেট আব্দুল খালেক, অ্যাডভোকেট শামসুল আলম মিলন, অ্যাডভোকেট লুৎফর রহমান, অ্যাডভোকেট হানিফুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন লিমন এবং অ্যাডভোকেট মিঠু।
জেলা আইনজীবী সমিতির এ সমাজসচেতনতামূলক ও দৃঢ় পদক্ষেপকে জেলার সচেতন নাগরিক ও সর্বস্তরের জনগণ স্বাগত জানিয়েছেন।
ভোরের আকাশ/সু.পা