জীবননগরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

জীবননগরে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সকালে জীবননগর থানা পাইলট হাইস্কুল মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা,জীবননগর থানার অফিসার ইনচার্জ মো.সোলায়মান সেখ।
এছাড়াও অনুষ্ঠানে জীবননগর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি পালনের অংশ হিসেবে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। পরে মাধবখালী গ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা স্মারক প্রদান সহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে আলোচনা করা হয়। দিবসটি পালন উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রীতি ফুটবল- ক্রিকেট ম্যাচ আয়োজন করে। বিকালে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা বিষয়ক চলচিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়।
ভোরের আকাশ/এসএইচ