চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগাজিন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার ২নং শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়।
শুক্রবার সকালে এসআরবি-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি চৌকস আভিযানিক দল নিশ্চিত হয় যে, শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের একটি আম বাগানে অবৈধ অস্ত্র মজুত রয়েছে।
সংবাদের সত্যতা যাচাইয়ে উক্ত স্থানে অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। অভিযানে আম বাগানের ভেতর একটি সাদা রঙের শপিং ব্যাগে কালো স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল বা আশেপাশের এলাকায় সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি এবং এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা, এলাকাটিতে কোনো ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই দুষ্কৃতকারীরা এসব অবৈধ আলামত সেখানে সংরক্ষণ করে রেখেছিল।
উদ্ধারকৃত পিস্তল, গুলি ও ম্যাগাজিন পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব