শীতলক্ষ্যায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার শিমুলিয়া এলাকার কার্নিভাল ক্রু ঘাট সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ চিত্ত রঞ্জন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে অন্য কোথাও দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। পরে পানিতে ভেসে মরদেহটি রূপগঞ্জের শিমুলিয়া এলাকায় এসে পৌঁছায়।
তিনি আরও জানান, মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের আগে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/ র.ই