জনগণের দাবি শুনে উন্নয়নের আশ্বাস দিচ্ছেন এমপি মোস্তাফিজ

জনগণের দাবি শুনছেন, দিচ্ছেন উন্নয়নের আশ্বাস, কোথাও কোথাও বাস্তবায়ন করছেন নির্বাচনী প্রতিশ্রুতিও। একটি কালভার্ট নির্মাণের পর এবার মন্দির উন্নয়নে ১ লাখ ২০ হাজার টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। একই সঙ্গে গ্রামের কাঁচা রাস্তা পাকাকরণের উদ্যোগ নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। তাঁর এসব উদ্যোগে উচ্ছ্বসিত সীমান্তবর্তী জয়পুর গ্রামের বাসিন্দারা।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার জয়পুর গ্রামে সততা ক্লাবের উদ্যোগে আয়োজিত এক দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। পরে তিনি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নির্মিত গ্রামের একটি কালভার্ট পরিদর্শন করেন।
এ সময় সংসদ সদস্যকে কাছে পেয়ে গ্রামের আদিবাসী সম্প্রদায়ের নারীরা তাঁদের মন্দিরের উন্নয়নের দাবি জানান। তাঁদের আবেদনে সাড়া দিয়ে তিনি গ্রামবাসীকে সঙ্গে নিয়ে মন্দিরটি পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, মন্দিরের অবকাঠামো নির্মিত হলেও ছাদ বা ছাউনি না থাকায় সেখানে ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে।
গ্রামবাসীর দাবি শুনে মন্দিরের উন্নয়নে ১ লাখ ২০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন সংসদ সদস্য। তাঁর এ ঘোষণায় আনন্দ প্রকাশ করেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ।
পরে গ্রামবাসী তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে গ্রামের কাঁচা রাস্তাটি পাকাকরণের দাবি জানান। জবাবে সংসদ সদস্য যত দ্রুত সম্ভব রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
একই দিনে কালভার্ট পরিদর্শন, মন্দির উন্নয়নে অনুদানের ঘোষণা এবং কাঁচা রাস্তা পাকাকরণের আশ্বাসে জয়পুর গ্রামের বাসিন্দাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, ঘোষিত উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়িত হলে তাঁদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। পাশাপাশি গ্রামের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পরিবেশও উন্নত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম। পরে ফুটবল টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
ভোরের আকাশ/জেআ