ইলিশ ধরা বিরতিতে জেলেদের ঘরে খাদ্যসহায়তা

নদীতে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, তাই আপাতত জাল তুলে রাখতে হচ্ছে জেলেদের। মাছ ধরা বন্ধ থাকলেও থেমে থাকে না সংসারের খরচ। প্রজনন মৌসুমে ইলিশ রক্ষার এই সময়ে জেলেদের খাদ্যসহায়তা দিতে বগুড়ার সারিয়াকান্দিতে ১ হাজার ২০০ নিবন্ধিত জেলের মধ্যে বিতরণ করা হয়েছে ভিজিএফের চাল। প্রত্যেক জেলেকে দেওয়া হয়েছে ২৫ কেজি করে চাল।
শুক্রবার সকালে সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ করেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. আবদুস ছালাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মীর কাওসার হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আফিয়া সুলতানা, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুবিধাভোগী জেলেরা।
ভোরের আকাশ/ এনউব