গরুর ডাকে ধাওয়া খেয়ে পালাল চোর! ভাইরাল সিসিটিভি ভিডিও

ফরিদপুরের নগরকান্দায় গরু চুরির চেষ্টা করতে গিয়ে গরুর ডাকেই বিপাকে পড়ে চোর। গরুর অস্বাভাবিক ডাক শুনে মালিকের ঘুম ভেঙে গেলে ধাওয়া খেয়ে পালিয়ে যায় চোরের দল। পুরো ঘটনাটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি বুধবার (২২ জুলাই) গভীর রাতে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের গয়েশপুর গ্রামে লাভলু শেখের বাড়িতে ঘটে। শুক্রবার (২৪ জুলাই) সিসিটিভির ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
তিন মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বড় লোহার কাটার দিয়ে গোয়ালঘরের শিকল কেটে ভেতরে প্রবেশ করেন। এরপর দরজার ছিটকিনি খুলতে গেলে শব্দ হয়। এতে গোয়ালঘরের গরুগুলো অস্থির হয়ে জোরে ডাকতে শুরু করে।
গরুর ডাক শুনে মালিক লাভলু শেখের ঘুম ভেঙে যায়। তিনি পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে এসে 'চোর, চোর' বলে চিৎকার করলে চোরেরা একটি বাছুর ফেলে দ্রুত পালিয়ে যায়।
লাভলু শেখ জানান, বাড়ি ও গোয়ালঘরে সিসিটিভি ক্যামেরা থাকায় পুরো ঘটনাটি রেকর্ড হয়েছে। চোরেরা একটি বাছুর টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে গরুর ডাকেই তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজসহ বিষয়টি থানায় জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
ভোরের আকাশ/এনএ