কারখানা বন্ধের জন্য সরকার দায়ী না: শ্রম উপদেষ্টা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কিছু কিছু লোক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা-পয়সা এদিক ওদিক করার জন্য। যারা ব্যাংক ঋণ নিয়েছে, দেশ থেকে টাকা পাচার করেছে। শ্রমিকদের টাকা-পয়সা দিতে পারছে না, তারা দেশ থেকে পালিয়ে আছে। সে কারণে কিছু কারখানা বন্ধ। কারখানা বন্ধের জন্য সরকার দায়ী না।
শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে এসব কথা বলেন।
তিনি বলেন, কারখানা ভালোভাবে চলার কারণে সাত থেকে আট শতাংশ রপ্তানি বেড়েছে। ভালো মালিকরা দেশে আছেন, তারা শ্রমিকদের দেখভাল করছেন। ভালো ব্যবসা করছেন।
শ্রমিকদের আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘তাদের দাবি-দাওয়ার কোনো শেষ নেই। যে কেউ আন্দোলন করতেই পারে। যে কেউ তার দাবি নিয়ে রাস্তায় নামতেই পারে। আমারও দাবি আছে, আমিও রাস্তায় নামতে পারি। এটা তাদের অধিকার। ’
শ্রমিক সংগঠনের নির্বাচন নিয়ে এ উপদেষ্টা বলেন, ‘একজন নির্বাচনে জিতলে সারাজীবন থাকতে চান। যা এর আগে স্বৈরাচার সরকারের সময় দেখেছেন। আশা করি, এ চর্চাগুলো আর চলমান থাকবে না। নির্বাচনের মাধ্যমে ভালো প্রতিনিধি উঠে আসার প্র্যাকটিস চালু হবে।
এর আগে উপদেষ্টা একই ভবনে একটি গবেষণা কনফারেন্সের উদ্বোধন করেন। তিনি সেখানে বলেন, চা বাগানে শৌচাগার না থাকা খুবই অমানবিক। এর ফলে সেখানকার নারী কর্মীদের ক্যান্সার হচ্ছে। সেখানেও খাবার পানিও পাওয়া যায় না।
ভোরের আকাশ/এসএইচ