ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৬ টন জিরাসহ ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে অভিযানে প্রায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য এবং ৬ টন ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত বিজিবি-৬০ ব্যাটালিয়নের অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে; বাসমতি চাল, ফুসকা, চকলেট, গরু, পটকা, শাড়ি, তেল, ইমামী সেভেন অয়েল, ভ্যাসমল, স্কিন সাইন ক্রিম ও মোটর সাইকেল। এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছ।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা ও খাদলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও খাড়েরা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পাচার হয়ে আসার সময় ৫১ লাখ ২৭ হাজার ৪০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ৬ টন ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার বেলা ১১টার দিকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা উপজেলার ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে জিরাগুলো জব্দ করেন।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশির জন্য থামানো হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ৬ টন ভারতীয় জিরা জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ আরও জানান, জব্দ করা ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/রই