ধামরাইয়ে কলেজ ছাত্র গুলিবিদ্ধ, এলাকায় আতঙ্ক

ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে আনন্দ নামের এক কলেজছাত্র গুলিবিদ্ধ হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। হঠাৎ করে গুলিবর্ষণের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।
গুলিবিদ্ধ আনন্দ সূত্রধর (২৩) নরসিংহপুর গ্রামের বিষ্ণু সূত্র ধরের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার নরসিংহপুর গ্রামের শ্রীদাম সূত্রধরের সঙ্গে একই গ্রামের বিষ্ণু সূত্রধরের ঝগড়া হয়।
ওই ঘটনার জেরে শ্রীদাম সূত্রধর কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে বিষ্ণু সূত্রধরের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এ সময় সন্ত্রাসীরা বিষ্ণু সূত্রধরের ছেলে আনন্দ সূত্রধরকে লক্ষ করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
এ বিষয়ে আহত আনন্দ সূত্রধরের বাবা বিষ্ণু সূত্রধর বলেন, শ্রীদাম সন্ত্রাসী ভাড়া করে এনে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুলি করিয়েছে। আমার ছেলেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানাচ্ছি।
এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান বলেন, গুলির ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।