মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গ্রামকে উন্নত অর্থনীতি ও আধুনিক সুবিধায় রূপান্তরের আহ্বান

পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া’র ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৫জুলাই) সকালে আরডিএ মিলনায়তনে দুই দিনব্যাপী (২৫ ও ২৬ জুলাই) এ সম্মেলনে বিগত অর্থবছরের গবেষণা, প্রশিক্ষণ ও প্রায়োগিক কার্যক্রম পর্যালোচনা এবং আগামী অর্থবছরের কর্ম-পরিকল্পনা নির্ধারণের উদ্দেশ্যে আলোচনা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে এগিয়ে নিতে প্রতিটি গ্রামকে উন্নত অর্থনীতি ও আধুনিক সুযোগ-সুবিধায় রূপান্তর করতে হবে। তিনি সংঘাতের রাজনীতি পরিহার করে মর্যাদা, শিক্ষা ও টেকসই উন্নয়নের পথ বেছে নেয়ার পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থান এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক।
মূল প্রবন্ধে বৈশ্বিক সংকট, অর্থনৈতিক মন্দা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরডিএ’র প্রযুক্তি ও মডেলসমূহ তুলে ধরা হয়। বিশেষ করে পানি-সাশ্রয়ী সেচ, সৌরচালিত সেচ, দ্বিন্তর কৃষি, বায়োগ্যাস, রুরাল প্ল্যান্ট ক্লিনিক এবং আইওটিভিত্তিক সেচ ব্যবস্থার মতো উদ্ভাবনগুলো গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী সংসদ সদস্য সুরাইয়া জেরিন (রনি) এবং বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষকমণ্ডলী অংশ নেন।
সম্মেলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আরডিএ’র পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোঃ দেলোয়ার হোসেন। সম্মেলন উপলক্ষে আরডিএ উৎপাদিত পণ্যের প্রদর্শনী, গবেষণা প্রবন্ধ উপস্থাপন ও উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়।
ভোরের আকাশ/এনউব