খড়িয়া আরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির সংকট, খেলাধুলায় ব্যাহত শিক্ষার্থীরা

বাগেরহাটের চিতলমারী উপজেলার খড়িয়া আরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকট ও খেলার মাঠের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। বিদ্যালয়টিতে বর্তমানে ১১৪ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। তবে তাদের জন্য নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা নেই। এছাড়া বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠেও বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে খেলাধুলা করতে পারছে না।
সোমবার সকাল ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ডিপ টিউবওয়েলটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে শিক্ষার্থীদের জন্য দূরবর্তী স্থান থেকে পানি এনে ব্যবহার করতে হচ্ছে। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি দুর্ভোগও বাড়ছে ছোট ছোট শিক্ষার্থীদের।
বিদ্যালয়ের দপ্তরি শুভংকর হীরা জানান, দীর্ঘদিন ধরে ডিপ টিউবওয়েলটি নষ্ট হয়ে রয়েছে। এ কারণে ছাত্র-ছাত্রীদের জন্য অনেক দূর থেকে পানি আনতে হয়। দ্রুত এটি মেরামত করা হলে শিক্ষার্থীসহ সবার দুর্ভোগ কমবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল কিশোর মজুমদার বলেন, বিদ্যালয়ের জন্য একটি ডিপ টিউবওয়েলের বিষয়ে কথা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং খুব শিগগিরই নতুন টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হবে। এছাড়া খেলার মাঠের গর্ত ভরাটের জন্য বালির বরাদ্দ পাওয়া গেছে। অল্প সময়ের মধ্যেই মাঠ সংস্কারের কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের সুস্থ পরিবেশে লেখাপড়ার জন্য দ্রুত সুপেয় পানির ব্যবস্থা ও খেলার মাঠ সংস্কার জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
ভোরের আকাশ/এনউব