উচ্ছেদের এক মাসে বদলে গেছে ভুলতা-গাউছিয়ার চিত্র, ফিরেছে স্বস্তি

দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল ও হকারদের কোলাহলে অতিষ্ঠ ছিল ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউছিয়া এলাকা। সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে পুনর্বাসন করেছে প্রশাসন। এর এক মাসের ব্যবধানে বদলে গেছে এলাকার চিরচেনা দৃশ্য। কমেছে যানজট, স্বাভাবিক হয়েছে পথচারীদের চলাচল। এতে স্বস্তি ফিরেছে হকার, যাত্রী ও পরিবহনশ্রমিকদের মধ্যে।
ফুটপাত ও সড়ক থেকে হকার উচ্ছেদের পর ভুলতা-গাউছিয়া, রূপসী, মুড়াপাড়া ও কাঞ্চন এলাকার চিত্রে এসেছে পরিবর্তন। উচ্ছেদ হওয়া হকাররা এখন ভুলতা-গাউছিয়া মার্কেটের পশ্চিম পাশের বালুর মাঠে দোকান সাজিয়ে ব্যবসা করছেন। এতে একদিকে মহাসড়কে যান চলাচলের প্রতিবন্ধকতা দূর হয়েছে, অন্যদিকে বিকল্প স্থানে ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা গেছে, সড়কের পাশে ট্যাক্সি, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দাঁড়িয়ে থাকলেও আগের মতো অবৈধ দোকানপাট কিংবা ময়লা-আবর্জনার স্তূপ নেই। প্রায় দুই বছর ধরে গোলাকান্দাইলের মজিদ প্লাজা থেকে ভুলতার রেদোয়ান টাওয়ার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের ফুটপাত ও মূল সড়ক দখল করে গড়ে উঠেছিল কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দোকান। এতে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হতো। সৃষ্টি হতো যানজট, বাড়ত দুর্ঘটনার ঝুঁকি।
গত ১৩ অক্টোবর ভুলতা-গাউছিয়াসহ আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা ও হকারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে দখলে থাকা সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন, ভুলতা ইউনিয়নের যুবদলের কর্মী ও প্রশাসনের লোকজনের নজরদারি অব্যাহত রয়েছে।
সরেজমিনে আরও দেখা গেছে, ভুলতা ফ্লাইওভারের সাওঘাট, ঢাকা বাইপাস সড়ক, রূপসী, মুড়াপাড়া ও কাঞ্চনসহ গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশের ফুটপাত ও সড়কে গড়ে ওঠা সাত শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে দেওয়া হয়েছে। অস্থায়ী দোকান উচ্ছেদের ফলে আগের তীব্র যানজট অনেকটাই কমেছে। পথচারী ও যানবাহন চলাচলেও ফিরেছে স্বস্তি।
একসময় উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পরপরই আবার বসে যেত বাজার। এভাবে বছরের পর বছর চলেছে উচ্ছেদ ও পুনর্দখলের ঘটনা। গাড়ির চাকার চেয়েও ধীরগতিতে এগোতে হতো পথচারীদের। সড়কজুড়ে পণ্যের পসরা, ক্রেতা-বিক্রেতার হাঁকডাক আর যানজটে আটকে থাকা মানুষের দীর্ঘ অপেক্ষা ছিল নিত্যদিনের দৃশ্য। এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে।
মহাসড়ক হকারমুক্ত রাখতে এবার উচ্ছেদের পাশাপাশি ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য বিকল্প স্থান নির্ধারণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মহাসড়কের দখলমুক্ত অংশে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের জীবিকাও চালু রাখার সুযোগ তৈরি হয়েছে।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, মহাসড়ক থেকে হকারদের উচ্ছেদ করে পুনর্বাসন করা হয়েছে। এ সুযোগে যেন কোনো পক্ষ আবার মহাসড়ক দখল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সড়ক থেকে হকারদের উচ্ছেদ করে পাশের বালুর মাঠে পুনর্বাসন করা হয়েছে। ভবিষ্যতে কাউকে মহাসড়ক দখল করতে দেওয়া হবে না।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, হকারদের ব্যবসার জন্য ভুলতা-গাউছিয়া মার্কেটের পশ্চিম পাশের বালুর মাঠ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা সেখানে বিনা ভাড়ায় দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন।
ভোরের আকাশ/সু.পা